দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির ৩১ সদস্যের মধ্যে ১৬ জনের পদত্যাগের পর কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় যুবদল। পদত্যাগের ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কারণ উল্লেখ করা হয়নি।
জেলা যুবদলের দপ্তর সম্পাদক শামছুল আহসান মামুন বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে সিদ্ধান্তের কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, কমিটি ঘোষণার পর কয়েকজন পদত্যাগ করেছেন বলে শুনেছি। তবে তাদের কোনো পদত্যাগপত্র জেলা কমিটির কাছে পৌঁছায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসে এবং তারা কমিটি বিলুপ্ত করেন।
দলীয় সূত্র জানায়, গত রোববার (২৬ জুলাই) রাতে ফেসবুকের মাধ্যমে কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি প্রকাশ করা হয়। এর আগে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে কমিটি ঘোষণার একদিন পরই সোমবার (২৭ জুলাই) ছয় যুগ্ম আহ্বায়কসহ ১৬ নেতা পদত্যাগ করেন।
পদত্যাগকারী নেতাদের অভিযোগ, অর্থের বিনিময়ে প্রবাসীদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যোগ্যতা অনুযায়ী পদ না পাওয়ায় তারা পদত্যাগ করেছেন। এছাড়া নতুন কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ ও সদস্যসচিব মাসুদুর রহমান মাসুদ বিদেশ থেকে এসে কমিটিতে দায়িত্ব নিয়েছেন বলেও তারা দাবি করেন।
এমএস/